জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়েরো পিচম
পিয়েরো পিচম

দিনাজপুরে ইতালির নাগরিক চিকিৎসক ও ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত বুধবার সকালে দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোসংলগ্ন রাস্তায় ফাদার পিয়েরোকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই দিন বেলা দুইটার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয় জামায়াতের নেতা ও আইনজীবী মাহবুবুর রহমানকে।
ফাদার পিয়েরোকে হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বুধবার রাতে দিনাজপুর সদর থানায় মামলা করেন কসবা মিশনের দায়িত্বে নিয়োজিত ফাদার সিলাস কুজুর। মামলা তদন্তের দায়িত্ব পরদিন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ন্যস্ত করা হয়।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদওয়ানুর রহিম গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, জামায়াতের নেতা মাহবুবুর রহমানকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে দিনাজপুর সদর আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বিকেলে তাঁকে দিনাজপুর জেলা কারাগার থেকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম গতকাল বিকেলে বলেন, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ফাদার পিয়েরো পিচমের অবস্থার আরও উন্নতি হয়েছে।