জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে জামায়াতের নেতা জিয়ারুল ইসলামকে (৩৮) ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় পুলিশের এক কর্মকর্তা ও এক কনস্টেবল আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরখালী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার এবং দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও বোমার কিছু অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। জিয়ারুল ইসলাম উপজেলার হরিহরনগর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক।
এলাকার কয়েক ব্যক্তি সূত্রে জানা গেছে, মনিরামপুর থানার এএসআই অমিত কুমার মণ্ডল ও কনস্টেবল রবিউল ইসলাম সাদাপোশাকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে ডুমুরখালী বাজারে যান। এরপর পুলিশ জিয়ারুল ইসলামকে তাঁর দোকান থেকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ডুমুরখালী বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বলেন, ‘পুলিশ জিয়ারুলকে আটকের পর হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় জিয়ারুলের ভাই আওয়ামী লীগের কর্মী কামাল হোসেন ও রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে জিয়ারুলকে ছিনিয়ে নেয়। হামলায় অমিত কুমার মণ্ডল ও রবিউল ইসলাম আহত হন। পরে বৃহস্পতিবার রাতেই পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুল ইসলাম, রবিউল ইসলাম ও রফিকুল ইসলামকে আটক করে। এ ঘটনায় মনিরামপুর থানার এসআই নাসির হক খান থানায় মামলা করেছেন।
মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জিয়ারুলের নেতৃত্বে কয়েক ব্যক্তি তাঁর দোকানের পেছনে গোপন বৈঠক করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়ারুল দৌড়ে পালিয়ে যান। পরে বাজারের কিছু লোক ঝামেলা সৃষ্টি করেন।