জামায়াত নেতার নাম বাদ দিতে আ.লীগের সাংসদের সুপারিশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমিরের নাম বাদ দিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা সুপারিশ করেছেন।

তবে সাংসদ দবিরুল ইসলাম দাবি করেছেন, ‘আমি কখনো মামলা থেকে কোনো জামায়াত নেতাকে অব্যাহতির সুপারিশ করিনি। আবেদনে যে সই দেখা যাচ্ছে, তা আমার নয়। আমাকে বিতর্কিত করার জন্য কেউ আমার সই ও সিল জাল করে এ কাজটি করেছে।’

পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা জামায়াতের আমির ও ঢোলরহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. শামসুজ্জামানের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য ১৬ নভেম্বর এসপির কাছে একটি আবেদন জমা পড়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে গত ১১ জুন সদর উপজেলার কিসামত তেওয়ারীগাঁও গ্রামের লুৎফর রহমানের বাড়িতে ২০-২৫ জন বৈঠক করছিলেন। পুলিশ সেখানে অভিযান চালালে তাঁরা পালিয়ে যান। সে সময় ওই বাড়ি থেকে জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মুর্তজা মামলা করেন। ৫ আগস্ট ঠাকুরগাঁও শহর থেকে শামসুজ্জামানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন জামিনে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই মামলা থেকে শামসুজ্জামানের বাদ দেওয়ার জন্য একটি আবেদনের অনুলিপি গত বুধবার শহরে ছড়িয়ে পড়ে। ঢোলরহাট ইউনিয়নের বাসিন্দাদের পক্ষে করা আবেদনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের সুপারিশ রয়েছে। আরও সুপারিশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হাসান মিয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ ও বেশ কয়েকজন ইউপি সদস্য।

অখিল চন্দ্র রায় জানান, আবেদনে সাংসদ দবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সুপারিশ ছিল। এ কারণে তিনিও সই করেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র নির্মূলে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেখানে জেলার শীর্ষ নেতা জামায়াতের আমিরকে নাশকতার মামলা থেকে অব্যাহতির সুপারিশ করছেন। এটা দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। যাচাই করে সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী বলেন, ‘বিষয়টি সম্পর্কে জানি না।’

উপজেলা জামায়াতের আমির মো. শামসুজ্জামান বলেন, ‘আমার পক্ষে এলাকাবাসী ওই আবেদন করেছেন। তাঁরাই সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের সুপারিশ এনেছেন। এ বিষয়ে আমি কিছু জানি না।’ এসপি ফারহাত আহমেদ বলেন, মামলা থেকে জামায়াত নেতা শামসুজ্জামানের নাম বাদ দিতে আওয়ামী লীগ নেতাদের সইসহ সুপারিশ পেয়েছেন।