নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে জামায়াত-বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনবাগ থানার উপপরিদর্শক আবু তাহের বাদী হয়ে এ মামলা দুটি করেন।
দুটি মামলার প্রতিটিতে জামায়াত-শিবির ও বিএনপির ৪৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে বুধবার রাতে সংঘর্ষের পর আটক নুরুল ইসলাম, মো. কবির ও সফিক উল্লাকে নামের তিন ব্যক্তিকেও উভয় মামলায় আসামি করা হয়েছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আটক নুরুল ইসলাম ছাতারপাইয়া বাজারের মুদি মালের ব্যবসায়ী, কবির সিএনজিচালিত অটোরিকশার চালক ও সফিউল্লা মাছ ব্যবসায়ী। তাঁরা স্থানীয়ভাবে বিএনপির সমর্থক হলেও সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।
পুলিশ জানায়, বুধবার রাতে গ্রেপ্তার করা তিনজনকে গতকাল দুপুরে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।