পাঁচ জেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মী ও সন্দেহভাজন জঙ্গিসহ ৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাগুলো হলো সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, টাঙ্গাইল ও পঞ্চগড়।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৩ কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, সদর থানায় ২৫ জন, তালায় ২০ জন, কালীগঞ্জে ১০ জন, কলারোয়া ও আশাশুনিতে পাঁচজন করে, শ্যামনগর ও দেবহাটায় তিনজন করে এবং পাটকেলঘাটায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দর্শনা ও লোকনাথপুরে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মামলার আসামি।
দিনাজপুর: জেলা শহরের রামনগর মদিনা মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালি পুলিশের একটি টহল দল। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি ককটেল, বিস্ফোরক পদার্থ, পাঁচটি মোবাইল ফোন, ২০টি জিহাদি বই ও শিবিরের সদস্য চাঁদাসহ অর্থ সংগ্রহের পাঁচটি রসিদ বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মির্জাপুর(টাঙ্গাইল): জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে উপজেলা সদরের বাইমহাটি সওদাগরপাড়া এলাকার বাসিন্দা মাহবুব হোসেনকে (৬০) বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে মির্জাপুর থানা-পুলিশ। থানার ওসি মোহাম্মাদ মাইন উদ্দিন বলেন, ১২ জুলাই জিহাদি বই, লিফলেট ও জঙ্গিসংশ্লিষ্ট কাগজপত্রসহ মির্জাপুর উপজেলা মহিলা জামায়াতের আমির হুমায়রা বেগম ও তাঁর ছেলে শিবিরের গোড়াই ইউনিয়নের সভাপতি নাজমুস সাকিবকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর জিজ্ঞাসাবাদে তাঁরা মাহবুবের বিষয়ে তথ্য দেন।
পঞ্চগড়: সদর উপজেলার সাতমেরা এলাকা থেকে গতকাল বিকেলে জেলা শিবিরের সাবেক সভাপতি মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় থানা-পুলিশ। পঞ্চগড় থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, আইয়ুবের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
নাটোর: জেলা শহরের হরিশপুর এলাকার একটি মেসে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।