জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলা থেকে গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগ ও বিভিন্ন নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: জেলার সেনবাগ পৌর জামায়াতের সভাপতি মো. হানিফকে (৫০) গতকাল শুক্রবার সকালে উপজেলার ফকিরহাট বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নাশকতার পরিকল্পনার জন্য বৈঠকের প্রস্তুতির সময় হানিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি পলাতক ছিলেন।
সাতক্ষীরা: তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মফিদুল ইসলামকে (৫০) গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার ইসলামকাটী মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মফিদুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
নীলফামারী: সৈয়দপুর ও ডিমলা উপজেলা থেকে জামায়াত-শিবিরের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, উপজেলার ধলাগাছ গ্রামের বাড়ি থেকে সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আবদুল মুনতাকিম (৩৮) ও তাঁর ছোট ভাই আল হেলালকে (২৬) গ্রেপ্তার করা হয়। হেলাল উপজেলা শিবিরের সাবেক সভাপতি।
ডিমলার ওসি রুহুল আমিন খান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেনকে (৪০) দোলপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রাম থেকে জামায়াতের কর্মী নূর আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে পুলিশের সন্দেহ।