জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মুদিদোকানি চিত্তরঞ্জন আর্য্যকে (৪৮) কুপিয়ে আহত করার ঘটনায় জামায়াত ও শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী থানার চরমাধবদী ও মেহেরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের চরমাধবদী এলাকার সুলতান মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২৩) ও মেহেরপাড়া ইউনিয়নের পৌল্লানপুর এলাকার আলফাজ উদ্দিনের ছেলে মো. শাহান উল্লাহ (৩০)। এর মধ্যে নূর মোহাম্মদ পাঁচদোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। আর শাহান উল্লাহ মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির। এর আগে গত মঙ্গলবার রাতে এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি কবিরাজপুরের মো. ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, চিত্তরঞ্জনের ওপর হামলার ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে নূর মোহাম্মদ ও শাহান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আগামীকাল রোববার শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ ও শাহান উল্লাহর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।

মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন রঘুনাথপুর গ্রামে গত মঙ্গলবার রাতে চিত্তরঞ্জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। চিত্তরঞ্জন ও তাঁর পরিবার বলেছে, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা হয়েছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই লিখিত অভিযোগ পাঠিয়ে গত বুধবার রাতে মাধবদী থানায় সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন তিনি।