জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ তিন জেলায় আটক ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার ও মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে সদর থানায় ১৭ জন, কলারোয়া, আশাশুনি, পাটকেলঘাটা ও কালিগঞ্জে ৫ জন করে, তালায় ২ জন, শ্যামনগরে ৩ জন ও দেবহাটা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরোয়ানা ও মামলা রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা চত্বরে গতকাল উপজেলার মাদ্রাসা শিক্ষকদের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ চলাকালে পুলিশ গোলাম মোস্তফা নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক মো. সাচ্চু জানান, গোলাম মোস্তফার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় নাশকতা সৃষ্টির একাধিক মামলার পরোয়ানা আছে। গতকাল সকালে বগুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সিরাজগঞ্জে নাশকতা মামলার পরোয়ানাভুক্ত শরিফুল ইসলাম নামের শিবিরের এক নেতাকে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে অভিযানে জামায়াতের দুজনকে আটক করা হয়েছে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রাম থেকে জামায়াতের সদস্য সেলিম মিয়াকে (৩০) আটক করা হয়। তাঁর দোকান থেকে বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আদমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রুপক মিয়াকে (৪৮) পূর্ব জালালপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। রুপক মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আটক ব্যক্তিদের রাতে (মঙ্গলবার) জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।