জামায়াত-শিবিরের পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় শুক্রবার ভোরে সন্দেহভাজন হিসেবে জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক (৪৫), শিবির নেতা একই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনিকঞ্চিবাড়ি গ্রামের এরশাদ আলী (৩০), জামায়াতের কর্মী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের আমীর হামজা (৪৫), ছাপড়হাটি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি গোলাম মোস্তফা (৪৬) ও শিবিরের কর্মী বামনডাঙা ইউনিয়নের রামধন গ্রামের জহুরুল ইসলাম (৩০)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সাংসদ হত্যা মামলায় জড়িত কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি বলেন, সাংসদ হত্যার ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন।