জামায়াত-শিবিরের ১২ কর্মী জেলহাজতে, নেতা গ্রেপ্তার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই বছর আগে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের মামলায় জামায়াত-শিবিরের ১২ কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দিনাজপুর দ্রুত বিচার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠান। এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরে কারাগারে পাঠানো আসামিরা হলেন চিরিরবন্দর উপজেলা জামায়াতের সদস্য রশিদুল ইসলাম, রমজান আলী, আতাউর রহমান, ইসমাইল হোসেন, রাশেদুজ্জামান, নুরুল হক, আমজাদ আলী, সুরুজ্জামান, সোবহান আলী, শিবিরকর্মী মনির হোসেন, সফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর চিরিরবন্দরে কর্তব্যরত অবস্থায় দিনাজপুর ডিএসবির উপপরিদর্শক (এসআই) আবদুস সবুরের ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পেট্রলবোমা নিক্ষেপ এবং লাঠিপেটা করে গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চিরিরবন্দর উপজেলা জামায়াত-শিবিরের ৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে। পুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের মধ্যে ৩৬ জন বর্তমানে জামিনে আছেন। পালিয়ে থাকা অপর ১২ আসামি গতকাল দুপুর ১২টায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গাইবান্ধা জেলা শহরের খানকাশরীফ এলাকা থেকে পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সুলতান মাহমুদকে (২২) গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এ শিবির নেতা সাদুল্যাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুল জব্বার মাস্টারের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নাশকতার অভিযোগে থানায় দায়ের ছয় মামলার আসামি সুলতান মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।