জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৩৩
নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গত শুক্রবার রাতে ছাত্রশিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিএনপি ও জামায়াতের দুই নেতাকে এবং জয়পুরহাটে জামায়াতের এক নেতাকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শুক্রবার রাতে নীলফামারীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বখশিরখীল গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা থেকে ছাত্রশিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ সময় ধর্মীয় বিভিন্ন উসকানিমূলক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য সোনতলা গ্রামের আতিকুর রহমান ও উপজেলা জামায়াতের সদস্য মূলবেড়া গ্রামের বেলাল হোসেন। থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, তাঁদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জয়পুরহাট: সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে প্রধান রাস্তায় শ্যামলী পরিবহনের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দুগুরি গ্রামের বাসিন্দা জামায়াত নেতা আতাউর রহমান ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। গতকাল পৌর এলাকার বিশ্বাসপাড়ার এক বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারী: জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।