জামায়াতপন্থী আইনজীবী গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামায়াতপন্থী আইনজীবী হাসান আল বান্না ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে রাজশাহীর মতিহার থানার পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে নগরের কাজলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাত আটটার দিকে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান আইনজীবী হাসানকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় ওই আইনজীবীর নামে নাশকতার তিনটি মামলা তদন্তাধীন রয়েছে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনজীবী হাসান আল বান্নার বাড়ি নগরের ফুলতলা চার রাস্তার মোড় এলাকায়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলায়ও হাসান আল বান্না আইনজীবী হিসেবে লড়েছেন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সঙ্গে কাজ করেছেন। জানতে চাইলে অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, আইনজীবী হাসানের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে লড়েছেন বলে তাঁকে আটক করা হয়েছে।