জামায়াতের আরেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মোস্তফা (৪৫) নামের আরও এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী তাঁকে উপজেলার মাইজখার গ্রাম থেকে গ্রেপ্তার করে।
গোলাম মোস্তফা মাইজখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন। তাঁকে গত মঙ্গলবার রাতে বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠান। এ নিয়ে ওই ঘটনায় এ পর্যন্ত আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভোর পর্যন্ত গ্রেপ্তার হওয়া সাতজন হলেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাশার, দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, জামায়াতের কর্মী চান্দিনার করতলা গ্রামের ওবায়দুল্লাহ, তাঁর ভাই মহিবুল্লাহ, একই গ্রামের ওমর ফারুক, নোয়াখালীর সুধারাম উপজেলার উত্তর শোলাকিয়া গ্রামের আবদুর রাজ্জাক ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. নয়ন।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ওই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের একে একে ধরা হচ্ছে। যৌথ বাহিনী এ মামলার সব আসামিকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।