জামায়াতের চার নেতা ও শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলায় লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর সোনাইমুড়ী, নওগাঁর নিয়ামতপুর এবং কুমিল্লা ও জয়পুরহাট সদর থেকে জামায়াত-শিবিরের চার নেতা ও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমকে পুলিশ বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। রামগতি থানার পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলা জামায়াতের শুরা সদস্য ও জয়াগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবুল কাশেমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উলুপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আবুল কাশেমের বিরুদ্ধে জামায়াতের কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া একটি মামলার পলাতক আসামি তিনি। গতকাল তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ: নিয়ামতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ জামালকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ধানসুরা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চলতি বছর ফেব্রুয়ারি মাসে হরতাল-অবরোধের সময় নিয়ামতপুরে মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনার আসামি শাহ জামাল।
কুমিল্লা: জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর উত্তরের সেক্রেটারি কাজী নজির আহমেদকে (৫০) গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জয়পুরহাট: সদর উপজেলার হিচমি বাজার এলাকা থেকে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নাম মোহাম্মদ আলী (৩২) ও ফিরোজ হোসেন (২৪)। নাশকতার ছয়টি মামলায় গতকাল ভোরে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট সদর থানার পুলিশ জানায়, মোহাম্মদ আলী ও ফিরোজ হোসেন শিবিরের সক্রিয় কর্মী। রেললাইন উপড়ানো, আলুর ট্রাকে আগুন ও পুলিশের ওপর হামলার এজাহারভুক্ত আসামি এই দুজন দীর্ঘদিন পলাতক ছিলেন।