জামায়াতের দুই নেতাসহ দুই জেলায় গ্রেপ্তার ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন বরিশালের নৌবন্দর এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক তরুণকে আটক করেছে বাংলাদেশ উপকূল প্রতিরক্ষা বাহিনী (কোস্টগার্ড)। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:

সাতক্ষীরা: পুলিশ সূত্র জানায়,সাতক্ষীরায় গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে সদর থানাধীন এলাকা থেকে ১২ জন, কলারোয়ায় ৬, তালায় ৩, কালীগঞ্জ ও শ্যামনগরে ৪ জন করে, আশাশুনি ও দেবহাটায় ২ জন করে এবং পাটকেলঘাটায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের জামে মসজিদে গোপন বৈঠক চলার খবর পেয়ে গতকাল বেলা একটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উপজেলা জামায়াতের আমির মইদুল আলম ও শিয়াকোল ইউনিয়ন জামায়াতের আমির আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বৈঠকে ওই নেতারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে আর কারা কারা ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল: কোস্টগার্ড জানায়, আলখেল্লা পরা এক তরুণ গতকাল সকাল ১০টার দিকে নৌবন্দর এলাকায় জাহাজের চারপাশে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। তাঁর কাছে দুটি জন্মনিবন্ধনপত্র পাওয়া যায়। দুটিতেই নাম ফরহাদ উল্লেখ থাকলেও বাবা-মায়ের নাম আলাদা। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর মুঠোফোন থেকে ফোন দিয়ে হিজলা উপজেলার এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি জানান, আটক ওই তরুণের নাম ফরহাদ। বাড়ি হিজলা উপজেলায়। কয়েক বছর আগে তিনি এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যান। চার-পাঁচ মাস আগে এলাকায় ফিরে আসেন।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় ফরহাদকে কোস্টগার্ডের জিম্মায় রাখা হয় এবং র‌্যাবকে খবর দেওয়া হয়। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত র‌্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল। কোস্টগার্ডের বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইসমাইল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সন্দেহ হওয়ায় ওই তরুণকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে কিছু ইসলামি বই উদ্ধার করা হয়েছে। তাঁর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।