জামায়াতের ১৯ নেতা-কর্মীর রিমান্ড চাইবে পুলিশ
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলামসহ (মাসুদ) দলটির ১৯ জন নেতা-কর্মীকে আজ রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।
গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে ওই ১৯ জনকে আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয়।
মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর আওতায় ওই ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের একটি বাসায় গোপন বৈঠক চলছে—এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই বাসায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নিয়মিত বৈঠক করতেন বলে ধারণা করা হচ্ছে।