জামায়াতের ২ রুকনসহ ৩৭ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রাম থেকে জামায়াতে ইসলামীর ২ রুকনসহ ৩৭ জন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁদের আটক করে নাশকতা পরিকল্পনার মামলা করা হয়েছে।

আটক নারীদের মধ্যে জামায়াতের দুজন রুকন (সদস্য) হলেন বসুন্দিয়া বিনিময়পাড়ার আবদুর রশিদের স্ত্রী রিজিয়া বেগম (৩৫) ও খোকন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪০)। এ সময় তাঁদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বিকেলে বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার আবদুল মজিদের বাড়িতে ওই নারীদের একটি বৈঠক চলছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য ওই নারীরা গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়েছে। ঘটনার সময় ওই নারীদের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত ৫০ গ্রাম বারুদ, ২০০ গ্রাম গন্ধক, ৫০০ গ্রাম জালের কাঠি, ৩০০ গ্রাম কাচের টুকরা, জর্দার ২০টি খালি কৌটা ও ২টি স্কচটেপ পাওয়া গেছে।

ওসি জানান, আটক ৩৭ জনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা করা হয়েছে। কাল (আজ সোমবার) তাঁদের আদালতে পাঠানো হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে যশোর জেলা জামায়াতের একজন নেতা বলেন, বসুন্দিয়া গ্রামের আবদুল মজিদের স্ত্রী সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাঁর জন্য দোয়া করতে সবাই ওই বাড়িতে সমবেত হয়েছিলেন। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক রয়েছেন ১০ জন। অন্যরা গ্রামের সাধারণ মানুষ। বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, সেখান থেকে কিছুই উদ্ধার হয়নি। পুলিশ মামলা সাজানোর জন্য এসব নাটক করছে।