জামায়াতের ২৮ নারী কর্মীর আরও এক দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ২৮ জন নারী নেতা-কর্মীকে দ্বিতীয় দফায় আরও এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়।

 গ্রেপ্তার হওয়া এই ২৮ জনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছোট ভাইয়ের স্ত্রীও রয়েছেন। তাঁর নাম শাকিয়া তাসনিম (৪৫)। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ির দোতলা থেকে এই ২৮ নারীকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নারীরা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের কাছে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড-সম্পর্কিত বিপুলসংখ্যক প্রচারপত্র, চাঁদা সংগ্রহের রসিদসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়। গ্রেপ্তারের পর আদালতের কাছে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই দিনের রিমান্ড শেষে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম ওই ২৮ নারী সদস্যকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, জঙ্গি তৎপরতার সঙ্গে আসামিদের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে প্রত্যেককে আরও এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গ্রেপ্তার ২৮ জনের মধ্যে শাকিয়া তাসনিম আলী আহসান মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী।

পুলিশ জানায়, শাকিয়া ঢাকার আদাবর এলাকার আলিফ হাউজিংয়ের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে থাকেন। তাজমহল রোডের ওই বাড়িতে ওই দিন জামায়াতে ইসলামীর মহিলা শাখার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে জামায়াতের চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা ও ফরিদপুর জেলার মহিলা শাখার রুকনেরা অংশ নিয়েছিলেন। পরে তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন।