জামায়াত-আ.লীগ সংঘর্ষ নারীসহ আহত ৩০
রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাত-আটজন বলেন, সন্ধ্যায় উপজেলার নামাজ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও গনিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবদুর রশিদ মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় কর্মী আবদুল হালিম মসজিদে কেন জামায়াতে ইসলামীর সাপ্তাহিক বৈঠক করা হয় এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, এ নিয়ে আবদুর রশিদের কাছে কৈফিয়ত চান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আধঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন।
আবদুল হালিম অভিযোগ করেন, ওই মসজিদের ইমাম দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সেখানে জামায়াতের সাপ্তাহিক বৈঠক করে আসছেন। এ ছাড়া জুমার খুতবায় তিনি সরকারের বিপক্ষে বক্তব্য দেন। তাঁরা এর প্রতিবাদ করলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
আবদুর রশিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আবদুল হালিম ভান্ডারী মতাদর্শের লোক। তিনি তাঁর সমর্থকদের নিয়ে দীর্ঘ দিন তাঁকে খুতবায় তাঁদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বলে আসছিলেন। তিনি এতে আপত্তি জানালে তাঁর পক্ষের লোকজন নিয়ে এ হামলা চালানো হয়েছে।