জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সামছুদ্দোহাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতানিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে সামছুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সামছুদ্দোহাকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল গ্রামের মোহাম্মদ ইলিয়াছ (২৬) ও সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার আমিনুল ইসলাম (২৮)।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে।