জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে হরতাল ডাকায় এবং রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। দল হিসেবে জামায়াত এবং দলটির তিন নেতা, ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা ও একজন আইনজীবীর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেয় রাষ্ট্রপক্ষ। যে ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান; ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম।
রাষ্ট্রপক্ষ জানায়, গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। এই রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। সেই সঙ্গে জামায়াত-শিবিরের শীর্ষনেতারা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানান। ৩১ ডিসেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় এসব প্রতিক্রিয়া ছাপা হয়েছে। এ ছাড়া আইনজীবী তাজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্যপ্রমাণ দিয়েছে, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। আদালত অবমাননার অভিযোগে এসব প্রতিক্রিয়া ও বক্তব্য উল্লেখ করা হয়েছে।