জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গত দুই দিনে জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন জলঢাকার আটজন ও ডিমলার পাঁচজন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকার গোলমুন্ডার বাসিন্দা ডিমলা উপজেলার ডালিয়া শাখা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ, গোলমুন্ডা বাজার মহল্লার বাসিন্দা জলঢাকা উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রেজাউল করিম, একই এলাকার ছাত্রশিবিরের কর্মী গোলাম রাব্বানী, তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবদুল্লাহ, মাহমুদ আল হাসান ওআবেদ আলী এবং ডিমলার খালিশা চাঁপানি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুল কাজী, পশ্চিম ছাতনাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহেদ আলী, জামায়াতের কর্মী রফিকুল ইসলাম, ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল মমিন ও জামায়াতের কর্মী আবুল কালাম।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোলমুন্ডা ফাজিল মাদ্রাসা মাঠে ছাত্রশিবিরের কর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁরা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে রাতেই উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। পরে গতকালবুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, সহকারী পুলিশ সুপার সার্কেল জিয়াউর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ওই পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আগেরই মামলা রয়েছে।