জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার চেষ্টার অভিযোগে গত সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে পঞ্চগড়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাচেন আলী, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জামায়াত কর্মী আবদুল কুদ্দুস, রুহুল আলী, শিবির কর্মী জুয়েল ইসলাম, রুহুল আমিন ও রশিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার জানতে চাইলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে এই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এদিকে সোমবার রাতে নীলফামারীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের নাউতরা গ্রামের বাবুল ইসলাম, কাঁকড়া গ্রামের সিরাজুল ইসলাম, ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর গ্রামের আব্দুল হালিম, জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া চেংমারী গ্রামের মোনায়েম হোসেন, কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের গোলাম রাব্বানী, শিবির কর্মী মোনাব্বেরুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বেসারুতুল্ল্যাহ্ ও জয়নাল আবেদিন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে একজন শিবির কর্মী এবং সাতজন জামায়াতের সক্রিয় সদস্য। নাশকতার চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা করাগারে পাঠানো হয়েছে।