জামিন নামঞ্জুর করায় আদালত থেকে পলায়ন
স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত থেকে পালিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক আসামি। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সেপ্টেম্বর মাসে চার লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেন সীতাকুণ্ডের রুবিনা আক্তার। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চট্টগ্রামের কার্যালয়।
বাদীর আইনজীবী এসএম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ মামলার ধার্য দিনে চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামি জাহাঙ্গীর আলম। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামি জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু এজলাসে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে কৌশলে পালিয়ে যান আসামি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামির আইনজীবী তানজিনা আজিম বলেন, আদালত থেকে পালানোর কারণে জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে তিনি নিজেই আদালতে আবেদন করেন। আদালত পরোয়ানা জারি করেন। তিনি নিজেও বুঝতে পারেননি আসামি কখন পালিয়ে গেছেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচ এম মশিউর রহমান বলেন, বিষয়টি শুনেছেন। তবে আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি জাহাঙ্গীর পালাননি।