জামিন নামঞ্জুর পালালেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালত থেকে পালিয়েছেন এক আসামি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালত পলাতক আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত সেপ্টেম্বর মাসে চার লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেন সীতাকুণ্ডের রুবিনা আক্তার। বাদীপক্ষে মামলা পরিচালনা করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
বাদীর আইনজীবী এস এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার ধার্য দিনে গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামি জাহাঙ্গীর আলম। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামি জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু এজলাসে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে কৌশলে পালিয়ে যান আসামি।
বিষয়টি স্বীকার করে আসামির আইনজীবী তানজিনা আজিম জানান, আদালত থেকে পালানোর কারণে জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করা হয়। আদালত পরোয়ানা জারি করেন। তিনি নিজেও বুঝতে পারেননি আসামি কখন পালিয়ে গেছেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, তিনি বিষয়টি শুনছেন। তবে আদালতে পুলিশি হেফাজত থেকে আসামি জাহাঙ্গীর পালিয়ে যাননি।