জামিন নামঞ্জুর হওয়ায় পালাল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালত থেকে পালিয়েছেন এক আসামি। তাঁর নাম জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে আদালত পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত সে​প্টেম্বর মাসে ৪ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেন সীতাকুণ্ডের রুবিনা আক্তার। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, চট্টগ্রাম কার্যালয়।

বাদীর আইনজীবী এসএম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ মামলার ধার্যদিনে চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জাহাঙ্গীর আলম। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামি জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু এজলাসে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে কৌশলে পালিয়ে যান আসামি। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি।

বিষয়টি স্বীকার করে আসামির আইনজীবী তানজিনা আজিম জানান, আদালত থেকে পালানোর কারণে জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করা হয়। আদালত পরোয়ানা জারি করেন। বলেন, তিনি নিজেও বুঝতে পারেননি আসামি কখন পালিয়ে গেছেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচ এম মশিউর রহমান বলেন, বিষয়টি শুনছেন। তবে আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি জাহাঙ্গীর পলায়ন করেননি।