জামিন পেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোঁচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলার অভিযোগপত্র দেওয়া হয় গত ২৩ এপ্রিল। কিন্তু এর ১৪ দিনের মাথায় জামিন পেয়ে তিনি ছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ১৩ মে আদিতমারী থানায় ওই ছাত্রীর মা নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ৭ মে লালমনিরহাট আদালত থেকে জামিন পান শিক্ষক রেজাউল ইসলাম ওরফে মানিক। সেই দিন রাতেই তিনি বাদীর বাড়ির পাশে গিয়ে হুমকি দিয়ে বলেছেন, ‘টাকাপয়সা খরচ করে জামিন পেয়েছি, ভালো চাও তো মামলা প্রত্যাহারের ব্যবস্থা কর। না হলে কারও রক্ষা নাই।’ এতে আরও উল্লেখ করা হয়েছে, ১২ মে চারটি মুঠোফোনের নম্বর থেকে ফোন করে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ করেন রেজাউল ইসলাম (৩৫)। পরদিন আদিতমারী থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদিতমারী থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা শাহিন আকতার গত ২৩ এপ্রিল লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রেজাউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
ওই ছাত্রীর মা ও বাবা জানান, বিষয়টি তাঁরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাদের জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহিন আকতার বলেন, রেজাউল জামিন পেয়ে ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়েছেন বলে জানতে পেরেছি। এ ব্যাপারে জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ শরওয়ার আলম বলেন, ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে রেজাউলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেজাউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।