হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামের তাহমিনা আক্তারকে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি সাহাব উদ্দিন (২৮) গত সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন। এর পরপরই আসামির আত্মীয়স্বজন তাহমিনার বাড়ির সামনে এসে উল্লাস করেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জামিনের পর আসামির আত্মীয়স্বজন যখন অ্যাসিড হামলার শিকার মেয়েটির বাড়িতে গিয়ে উল্লাস করছিল, তখন মেয়েটি আমাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে বলে, “আপা, আমি এখন শেষ। আসামিরা জামিন পেয়েছে। এখন বাড়িতে এসেই আমাকে জ্বালাতন করবে। এমনিতেই তারা মামলা তোলার জন্য চাপ দিচ্ছিল।”’ সাংসদ আরও বলেন, মেয়েটি একেবারেই অসহায় পরিবারের সদস্য। এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে।
তাহমিনা আক্তার (১৬) বলে, ‘এখনো আমার শরীরের ক্ষত সারেনি। অ্যাসিড হামলার কারণে একটি বছর এসএসসি পরীক্ষা থেকে পিছিয়ে পড়েছি। অথচ আসামি জামিন নিয়ে বের হয়ে গেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়রামপুর গ্রামের আছকির মিয়ার মেয়ে তাহমিনা এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার সর্বশেষ পরীক্ষার আগের দিন ১১ মার্চ রাতে পড়াশোনা শেষে সে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত একটার দিকে তার ঘরের দরজা কৌশলে খুলে তিনজন অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। অ্যাসিডে তাহমিনার মুখ, ডান হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। ওই রাতে তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় তাহমিনার বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে ১৩ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় অ্যাসিড নিক্ষেপ দমন আইন ২০০২এর ৫(খ)/৭ ধারায় মামলা করেন। এতে আসামি করা হয় সুনামগঞ্জের বস্তপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), হবিগঞ্জ সদরের জয়রামপুর গ্রামের সাহাব উদ্দিন (২৮) ও ফজলু মিয়াকে (২৮।
মামলা দায়েরের পরপরই সাহাব উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। তদন্ত শেষে হবিগঞ্জ সদর থানার উপরিদর্শক (এসআই) ইকবাল বাহার গত ২৬ মে হবিগঞ্জ সদর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মামলার তিন আসামিকেই অভিযুক্ত করা হয়। জেলা জজ আদালতের একজন আইনজীবীবলেন, অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫(খ)/৭ ধারাটি জামিন অযোগ্য।