জামিনে এসে বাদীকে হত্যার হুমকির অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার (১৮) খুনের ২ নম্বর আসামি হোসেন আলী সাড়ে সাত মাস হাজতবাস করে জামিনে এসে বাদীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মামলার বাদী শিপলু সরকার ১ এপ্রিল রাতে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
গত বছরের ১১ জুলাই উপজেলার ঘাটেশ্বরী গ্রামের দুটি ক্লাবের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে ওই গ্রামের লেবু সরকারের ছেলে টাঙ্গাইলের কালিহাতীর লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম সরকার খুন হন। এ ঘটনায় গত ১৩ জুলাই ইব্রাহিমের বড় ভাই শিপলু সরকার বাদী হয়ে ঘাটেশ্বরী গ্রামের মানবকল্যাণ যুব সংঘের সভাপতি রবিন আহমেদসহ ১১ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ গত আগস্টে এজাহারভুক্ত ২ নম্বর আসামি হোসেন আলীকে (৩৫) গ্রেপ্তার করে। গত ৮ মার্চ তিনি জামিনে ছাড়া পান। এজাহারভুক্ত ১১ জন আসামির মধ্যে হোসেন আলী ছাড়া আর কাউকে গত নয় মাসে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বাদী জানান, ১ এপ্রিল দুপুরে উপজেলার আমবাগ এলাকা থেকে বাড়ি ফেরার পথে হোসেন আলী ও তাঁর সহযোগীরা তাঁর মোটরসাইকেল থামিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। তাঁরা আরও হুমকি দেন, শিগগিরই মামলা তুলে না নিলে তাঁর ভাইয়ের পরিণতি তাঁকেও ভোগ করতে হবে। শিপলু সরকারের অভিযোগ, পুলিশ আন্তরিকভাবে কাজ করছে না। যার ফলে বাকি আসামিরা ধরা পড়ছে না।
হোসেন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামিনে আসার পর থেকে বাদীর সঙ্গে আমার দেখাই হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পুলিশের বিরুদ্ধে বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হোসেন আলী সত্যিই হুমকি দিলে তাঁর জামিন বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে। সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, ওই মামলার বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।