ধর্ষণের পর কিশোরী রোখসানা আক্তার রুমিকে হত্যা এবং পরে তার লাশ ২৬ টুকরা করা মামলার একমাত্র আসামি হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সাইদুজ্জামান বাচ্চুকে পুলিশ খুঁজছে। রায় ঘোষণার ছয় মাসের কিছু কম সময় আগে তিনি জামিনে বেরিয়ে পলাতক হন।
রোখসানার মা শিরীনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
মামলার নথিপত্র থেকে জানা যায়, এই অপরাধীকে পুলিশ ও জনতা ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেছিল। ২০১২ সালের ১ জুন বাচ্চু ধর্ষণের পর খুন করেন রোখসানাকে। হাতিরপুলের নাহার প্লাজার আশপাশের রাস্তায় নিহত কিশোরীর শরীরের বিভিন্ন অংশ পড়ে ছিল। এ ঘটনা গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে। বাচ্চু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এরপর মামলার বিচারের শেষ পর্যায়ে হাইকোর্ট বিভাগের গত ২৬ অক্টোবরের এক আদেশে জামিনে বেরিয়ে তিনি পলাতক হন। গত ৫ এপ্রিল বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন।
এই চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের বিবরণে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার লিখেছেন, ‘এই মামলার ১৩তম সাক্ষ্য গ্রহণের পর দুর্ভাগ্যজনকভাবে সাইদুজ্জামান বাচ্চু জামিনে মুক্তি পান এবং পলাতক থাকেন।’
মামলার এই পর্যায়ে জামিনের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, জামিনের বিষয়ে আদালতের কারণ দেখানো উচিত। হাইকোর্ট বিভাগ কোনো কোনো মামলার আদেশে কারণ ব্যাখ্যা করেন, কখনো করেন না।
আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘অবকাশকালীন বেঞ্চ কাজের চাপে থাকে, তাড়াহুড়ায় হয়তো কখনো পুরো নথি পর্যালোচনা সম্ভব হয় না, তারই ফলাফল এটা। নিম্ন আদালত তাঁর এখতিয়ারে থাকা জামিন দিলে হাজার হাজার মামলার ভারে হাইকোর্ট ন্যুব্জ হতেন না।’
ওই মামলায় হাইকোর্ট বিভাগে দাখিল করা নথিপত্রে দেখা যায়, জামিন আবেদনের সঙ্গে এজাহার, অভিযোগপত্র এমনকি ১১তম সাক্ষীর জবানবন্দির সত্যায়িত অনুলিপিও দাখিল করা হয়। এজাহারে বলা হয়, ১ জুন ২০১২ সন্ধ্যা থেকে হাতিরপুল নাহার প্লাজার ১৩ তলায় ১৩০৮ নম্বর কক্ষ সোনালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অফিসে আসামি মো. সাইদুজ্জামান বাচ্চু রোখসানা আক্তার রুমিকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেন। এরপর ধারালো দা দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেন। পুরো শরীর টুকরা টুকরা করে কমোডে ফ্লাশ করেন।
এই মামলার অভিযোগপত্র দেওয়া হয় ১ সেপ্টেম্বর ২০১২ সালে। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০ মে ২০১৩ সালে। অভিযোগপত্রে বর্ণিত ২৩ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করে।
২০১৬ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাচ্চুকে তিন মাসের জামিন প্রদান করেন।
জানতে চাইলে সম্প্রতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘রুল জারি না হওয়ার কারণে এ বিষয়ে দরকারি তথ্য আমার জানার সুযোগ ছিল না। উপরন্তু মহামান্য আদালত এত দ্রুততার সঙ্গে মামলার আবেদন নিষ্পত্তি করেন, যার ফলে অনেক দাগি আসামি এই সুযোগ নিয়ে বেরিয়ে যায়। রাষ্ট্রপক্ষ তখন জামিন বাতিলের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে না।’
দৃষ্টি আকর্ষণ করা হলে আসামির আইনজীবী শেখ মো. আলী সম্প্রতি প্রথম আলোকে বলেন, তিনি জেনেশুনেই এই মামলা নিয়েছিলেন। তিনি মনে করেন না এখানে তাঁর কোনো নৈতিকতার বিচ্যুতি ঘটেছে।
আপনি জামিনের দরখাস্তে বলেছিলেন, এজাহার সম্পূর্ণ বানোয়াট। আর এখন আসামির মৃত্যুদণ্ড হয়েছে। এই প্রশ্নের উত্তরে আইনজীবী মোহাম্মদ আলী বলেন, ‘এখন আবার আইনি লড়াই চলবে। মামলায় আপনাকে নিয়োগ করলে আপনি করবেন। আমাকে করলে আমি করব।’
কিন্তু সাক্ষ্য চলাকালে আইনত জামিন হয় কি না, জানতে চাইলে তাঁর যুক্তি, ‘আদালত ভালো মনে করেছেন দিয়েছেন।’
ঘাতকের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা গত ২৮ মে ফরিদপুরের মধুখালী থানায় যায়। থানার ওসি রুহুল আমিন প্রথম আলোকে বলেন, আসামির বাড়ি মধুখালী থানার জাহাপুর ইউনিয়নের বকশীচানপুর গ্রামে। তবে তিনি বাড়িতে আসেন না। তাঁর ভাই একজন সাবেক ইউপি সদস্য। তিনি প্রতিবেদককে জানিয়েছেন, জামিন পাওয়ার তিন দিন পর সাইদুজ্জামান বাচ্চু বাড়িতে এসেছিলেন। এরপর তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।