জামিনে ছাড়া পেয়ে আবারও ছিনতাইয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ মাসের শেষ সপ্তাহে ছিনতাইয়ের মামলায় জামিন পান আবদুল খালেক। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবারও একই অপরাধে জড়ালেন তিনি। মলম পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে পুলিশের অভিযানে গত শনিবার ধরা পড়েন তিনি। গতকাল রোববার দুপুর পর্যন্ত একে একে তাঁর আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
আবদুল খালেকের তিন সহযোগী হলেন আমির হোসেন, মো. হাসান ও মো. ইব্রাহিম।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, ৬ এপ্রিল মুরাদপুর এলাকা থেকে অটোরিকশায় করে হাটহাজারী যাচ্ছিলেন মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তি। গাড়িতে আগে থেকে যাত্রীর বেশে ছিলেন মলম পার্টির সদস্য আবদুল খালেকসহ দুজন। গাড়িটি আমিন জুট মিল এলাকায় পৌঁছানোর পর যাত্রী হোসেনের চোখে মলম লাগিয়ে তাঁর সঙ্গে থাকা টাকা ও মালামাল নিয়ে যান তাঁরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে প্রথমে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়।