জামিনে বের হয়ে ধর্ষণের হুমকি, থানায় অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসে বাদীকে গুম ও মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের হুমকি পেয়ে বাদী থানায় অভিযোগ জমা দেন। কিন্তু কর্তব্যরত কর্মকর্তা গত পাঁচ দিনেও কোনো ব্যবস্থা নেননি বলে বাদী জানিয়েছেন।
থানা-পুলিশ ও বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী। গত ১৭ জুন বিকেলে তাঁর পঞ্চম শ্রেণিতে পড়া মেয়ে বাজার-সদাই নেওয়ার জন্য তাঁর দোকানে আসে। এ সময় তিনি মেয়েকে দোকানের ভেতরে পাঠান প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে আসার জন্য। এ সময় দোকানের ভেতর থেকে মেয়ের চিৎকার শুনতে পান। ছুটে গিয়ে দেখতে পান তাঁর পরিচিত গিয়াস উদ্দিন (৫০) দোকানের ভেতর থেকে দ্রুত বের হয়ে চলে যাচ্ছেন। তিনি মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারেন, গিয়াস তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় গিয়াস উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
৩ আগস্ট আদালতে হাজির হয়ে জামিন পান আসামি গিয়াস উদ্দিন। বাদীর অভিযোগ, জামিনে ছাড়া পেয়ে ধর্ষণচেষ্টার মামলাটি তুলে নেওয়ার জন্য গিয়াস উদ্দিন তাঁর ওপর চাপ সৃষ্টি করছেন। মামলা তুলতে রাজি না হলে মেয়েকে এবার ধর্ষণ ও বাবা-মায়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুমকি দিচ্ছেন।
বাদী গতকাল ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, ৫ আগস্ট (শনিবার) হুমকির ঘটনা জানিয়ে থানায় একটি অভিযোগ জমা দেন। কিন্তু গত পাঁচ দিনেও অভিযোগের কোনো তদন্ত হয়নি। এখন এলাকায় তাঁর চলাফেরা কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া ভয়ে মেয়েকে বিদ্যালয়েও পাঠাতে পারছেন না। বাদী বলেন, অভিযোগ জমা দেওয়ার সময় সেদিন (৫ আগস্ট) কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গিয়াস উদ্দিন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তাই থানায় মামলা দায়ের করা হলেও তিনি প্রভাব খাটিয়ে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হন।
গতকাল দুপুরে দত্তগ্রাম বাজার ও আশপাশে খোঁজ নিয়ে গিয়াস উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। ফলে হুমকির অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এএসআই তোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান। কাজে যোগ দেওয়ার পর থানায় এসে অভিযোগ প্রসঙ্গে খোঁজ নেবেন বলে জানান।