বাগেরহাটের চিতলমারীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারের পর কারাগারেও গিয়েছিলেন। কিন্তু সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনে বেরিয়ে ওই ছাত্রীর বাবাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দবির উদ্দিন শেখের (৫৫) বাড়ি ওই ইউনিয়নের একটি গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুন হাসান বলেন, দবির উদ্দিনের দুহাত ও পায়ে একাধিক জখম রয়েছে। ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল নিজ বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার পথে বখাটে মুজিবর শেখের নেতৃত্বে সাত-আটজন ছাত্রীর বাবা দবির উদ্দিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, কলেজে যাওয়া-আসার পথে মুজিবর শেখ মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় মেয়েটির বাবা মুজিবর শেখের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে গত মাসে তাঁকে আটকের পর তিন মাসের কারাদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার পারভেজ। আপিল করায় সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুজিবর জামিনে তিন দিন আগে কারাগার থেকে মুক্তি পান।