জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক আসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জামিনে মুক্তির পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নগর বিএনপির নেতারা জানান, ৫ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলেও চট্টগ্রামে ২০-দলীয় জোটকে সমাবেশ করতে দেয় পুলিশ। তবে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক ও ভাঙচুর আইনের মামলায় আসলাম চৌধুরীর জামিননামা পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে কারা ফটক থেকে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নির্দেশের অভিযোগ রয়েছে নগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায়। এ কারণে তাঁকে কারা ফটক থেকে আটক করা হয়েছে।