জামিনে মুক্তির পর কারাফটক থেকেই সাতজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া হরকাতুল জিহাদের (হুজি) ৭ সদস্যকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁদের পরিবার। গতকাল রোববার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁদের সন্ধান চেয়েছে পরিবারগুলো।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার নাচোল মহল গ্রামের বাকি বিল্লাহ্, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, মো. যোবায়ের, মো. আবুল বাশার, সিরাজুল ইসলাম ও মিনহাজুল। তাঁরা সবাই বিভিন্ন মামলার আসামি।
সংবাদ সম্মেলনে নিখোঁজদের পরিবারের পক্ষে বক্তব্য দেন বাকি বিল্লাহ্র বড় বোন হাফছা বেগম। তিনি বলেন, ২০১৩ সালের ১৪ আগস্ট ঝালকাঠি থেকে নয়জনকে আটক করে পুলিশ। তখন তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি করে মামলা করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ঝালকাঠি কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেই থেকে তাঁরা বরিশাল কারাগারেই ছিলেন। পরবর্তী সময়ে মামলাগুলো থেকে একজনকে অব্যাহতি দেন আদালত। বাকি আটজনকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চার বছর করে সাজা দেন ঝালকাঠির একটি আদালত। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তাঁরা। উচ্চ আদালত আপিল আমলে নিয়ে গত ৭ অক্টোবর তাঁদের জামিনে মুক্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতজনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। বাকি একজনের বিরুদ্ধে অপর একটি মামলা থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
হাফছা বেগম বলেন, জামিনে মুক্ত হওয়ার পর সাতজন কারাগারের প্রধান ফটক থেকে বের হয়ে আসামাত্র তাঁদের কারা অভ্যন্তরে প্যারেড গ্রাউন্ডে অবস্থান করা দুটি মাইক্রোবাসে জোর করে তোলা হয়। তখন তাঁরা ‘ডিবি পুলিশ’ ‘ডিবি পুলিশ’ বলে চিৎকার করছিলেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি দুটি সেখান থেকে বের হয়ে যায়। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানা, মেট্রোপলিটন ডিবি কার্যালয়, ঝালকাঠি ডিবি, ঝালকাঠি কারাগার ও নলছিটি থানায় গিয়ে কারও খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নিখোঁজ বাকি বিল্লাহর ভাই খায়রুল বাশার, সোহাগের বাবা নুরুল ইসলাম, যোবায়েরের বাবা ইউসুফ, আবুল বাশারের বাবা আব্দুর রউফ মৃধাসহ তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা কাউকে গ্রেপ্তার করেনি বা তুলেও আনেনি। বরিশাল কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জ্যেষ্ঠ জেল সুপার) মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতজন কারাগার থেকে বেরিয়েছেন। কারাগারের বাইরে কী হয়েছে তা আমাদের জানার কথা না। ২০১৩ সালের ১৪ আগস্ট ঝালকাঠিতে একটি মাদ্রাসায় গোপন বৈঠকের খবরে নয়জনকে আটক করে পুলিশ। সে সময় তাঁদের কাছ থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, জঙ্গি বই ও লিফলেট জব্দ করা হয়।