জায়গা সওজের, দোকান মসজিদের দখল করল প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা হাসপাতাল জামে মসজিদের উন্নয়নের জন্য সড়ক ও জনপথের (সওজ) জায়গায় নির্মাণ করা ১৭টি দোকানঘর ভাড়া দেওয়ার আগেই ব্যক্তি, দল ও সমিতির নামে সাইনবোর্ড লাগিয়ে দখল করে নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা।
এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাইলেও গতকাল শুক্রবার পর্যন্ত প্রশাসন দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘর দখলকারীদের ডেকে শিগগিরই দখল ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদের সেক্রেটারি আবু বক্কর ছিিদ্দক বলেন, তিন বছর আগে দোকানঘরগুলো নির্মাণের সময় মসজিদের তেমন কোনো তহবিল ছিল না। তাই উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান ও যুবদলের সভাপতি আফসার আলীকে দায়িত্ব দিয়ে ঘরগুলো নির্মাণ করা হয়। তবে শর্ত ছিল তাঁদের দুজনকে একটি করে ঘর দেওয়া হবে এবং বাকি দোকানগুলোর নির্মাণ বাবদ যাবতীয় খরচ পর্যায়ক্রমে মসজিদ কর্তৃপক্ষ তাঁদের পরিশোধ করে দেবে। কিন্তু এখন পর্যন্ত মসজিদ কমিটি তাঁদের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি। ভাড়া দেওয়ার আগেই দোকানগুলো দখল হয়ে যাওয়ায় বিষয়টি সুরাহা করার জন্য পুলিশকে বলা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব কোণে হাসপাতাল জামে মসজিদটি অবস্থিত। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের উন্নয়নের জন্য ২০১২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ঘেঁষে সওজের জায়গায় ১৭টি দোকানঘর নির্মাণ করা হয়। মসজিদের পরিচালনা কমিটি নিয়ে বিরোধ হওয়ায় গত দুই বছরেও ঘরগুলো ভাড়া দেওয়া হয়নি। গত মাসের শেষ সপ্তাহে দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কের পাশের দখলদারদের অস্থায়ী দোকানগুলো উচ্ছেদের জন্য মাইকিং করা হয়। গত রোববার ওই সব দোকান উচ্ছেদের সময় মসজিদ এলাকার যাত্রীছাউনি-সংলগ্ন মুক্তমঞ্চে বসবাস করা সুইপারদের (হরিজন) অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এরপরই স্থানীয় কয়েকজন গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই সব দোকানঘর দখল করেন।
দোকানঘরগুলো দখলদারদের মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগ, সম্মিলিত পৌর ট্রাকচালক সমিতি, দুপচাঁচিয়া উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ ও জাতীয় শ্রমিক লীগ, উপজেলা পিকআপ চালক সমিতি, মাইক্রোচালক আকরাম হোসেন, নয়ন-চাঁদনি ট্রাভেলস, মা ফার্মেসি, পৌর জাতীয় পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষে সাংসদের ভাগনে মিল্টন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলম হোসেনসহ কয়েকজন।
দখলদার জালাল উদ্দিন বলেন, ‘দোকানঘর নির্মাণের সময় নির্মাণকারীকে ৬০ হাজার টাকা দিয়েছি। এ জন্যই ঘরটি দখল করে নিয়েছি। তবে মসজিদ কমিটি সব দখলকারীকে উচ্ছেদ করলে আমিও ঘরটি ছেড়ে দিব।’
পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘দলের পক্ষ থেকে ঘর দখলের প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে কোনো কর্মী ঘর দখল করে দলের সাইনবোর্ড ব্যবহার করে থাকতে পারে।’ উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বলেন, ‘দখলদারদের উচ্ছেদের বিষয়ে মসজিদ কমিটি সহযোগিতা চাইলে অবশ্যই দিতে রাজি আছি। প্রয়োজনে পুলিশের সঙ্গে সহযোগিতাও করব। তবে আমাদের দোকানঘর নির্মাণ বাবদ খরচ হওয়া টাকা অবশ্যই মসজিদ কমিটিকে পরিশোধ করতে হবে।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘সওজের পক্ষ থেকে ঘর নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয় না। দু-এক দিনের মধ্যে আমাদের লোকজন সরেজমিনে গিয়ে খতিয়ে দেখবে।’