জায়গাজমির বিরোধে এক কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জায়গাজমির বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার উত্তর হাজিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। এর পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছেন।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ শফিউল আজম (৫০)। তিনি ওই এলাকার মৃত মুহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক। তাঁর চার ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার জেবল হোসেনের ছেলে মো. আলাউদ্দিনের (৩৫) সঙ্গে নিহত ব্যক্তির দীর্ঘদিন ধরে জায়গাজমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে গতকাল সকাল আটটার দিকে খেতের মাঠে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলাউদ্দিন আজমের ওপর চড়াও হয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। আজমের মৃত্যু নিশ্চিত হলে মুহূর্তের মধ্যে আলাউদ্দিন ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
নিহত ব্যক্তির ছেলে মুহাম্মদ নাজিম উদ্দিন অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে খুনি আলাউদ্দিন আমাদের বন্দোবস্ত পাওয়া সম্পত্তি জবরদখল করে ভোগ করতে মরিয়া হয়ে ওঠে। নানা অজুহাতে সে আমাদের পরিবারের ওপর নির্যাতন চালায়। এরই অংশ হিসেবে সে আমার বাবাকে নির্মমভাবে খুন করে।’
থানার উপপরিদর্শক মো. হেলাল বলেন, ‘লাশের গলায় এবং হাতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর সহায়তায় খুনি আলাউদ্দিনকে আটক করা হয়েছে।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ‘১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল সরকার থেকে বন্দোবস্ত পাওয়া জায়গাজমি নিয়ে এলাকাবাসীর সঙ্গে প্রায়ই বিরোধে জড়িয়ে থাকে। আলাউদ্দিন তাদের দলের একজন সদস্য। বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’