জায়গাজমির বিরোধে বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে জায়গাজমির বিরোধের জের ধরে এক পক্ষের দেওয়া আগুনে প্রতিপক্ষের সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।
আগুন নেভাতে গিয়ে মো. ইদ্রিছ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুর্ল্লভেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকেরা হলেন মো. ইদ্রিছ, সামশুল ইসলাম, ছালেহ আহমদ, মো. নাছির, আনোয়ারা বেগম, মো. জাহাঙ্গীর ও মুর্শিদা খাতুন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ওই বসতঘরগুলোতে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরগুলোর উত্তর-পূর্ব পাশে কয়েকটি গুলির শব্দও শোনা গেছে। বসতঘরের পাশের অল্প জায়গা নিয়ে প্রতিবেশী সুলতানের ছেলেদের সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিটিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার সালিসও হয়েছে। তবে সালিসিতে কোনো ধরনের সমাধান হয়নি।
ক্ষতিগ্রস্ত সামশুল ইসলামের ছেলে সাকিব প্রথম আলোকে বলেন, ‘দেড় ফুট জায়গার বিরোধের জের ধরে মোজাম্মেল, নুরুল ইসলাম ও হাসানরা আমাদের বসতঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারিনি।’
আগুন দেওয়ার ব্যাপারে জানতে হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ওদের সঙ্গে আমাদের জায়গা নিয়ে বিরোধ আছে সত্য, কিন্তু ওরা প্রতিবেশী। ওদের ঘরে আমরা আগুন দেব কেন। আগুন রান্নার চুলা থেকেও উঠতে পারে।’
স্থানীয় সালিসদার মো. সেলিম ও ফরিদ প্রথম আলোকে বলেন, ‘জায়গার বিরোধ নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। ওই সময় বিচার এক পক্ষ মানলে অন্য পক্ষ মানতে চায়নি। পরে তৃতীয় পক্ষ এসে ওই জায়গায় অংশ দাবি করায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। তবে আগুন দেওয়ার বিষয়টি আমরা বলতে পারব না।’
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হক বলেন, ‘জায়গাজমির বিরোধে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। এলাকায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে বলতে পারব, আসল ঘটনাটা কী।’
সাতকানিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন রাসেল বলেন, আগুন দেওয়ার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।