জাল টাকা দিয়ে ফাঁসানোয় ভুয়া সাংবাদিকসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় জাল টাকা দিয়ে এক কবিরাজকে ফাঁসানোর অভিযোগে কথিত এক সাংবাদিকসহ তিনজন আটক হয়েছেন। গত রোববার রাতে জেলা শহরের একটি বাড়ি থেকে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিরা হলেন দুর্নীতির সন্ধানেনামের একটি সাপ্তাহিক পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয়দানকারী মুরাদ হোসেন ওরফে মুসা, তাঁর মা জোছনা বেগম ও বোন শাহনাজ বেগম। তাঁদের বাড়ি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায়।

ডিবি সূত্র জানায়, মুরাদ ও তাঁর সহযোগী কচুয়া উপজেলার জলতেতুয়া গ্রামের গোলাম মোস্তফাসহ কয়েকজন মিলে চাঁদপুর সদরের সফরমালী এলাকার শেকা কবিরাজেরবাসায় ৩০ হাজার টাকার জাল নোট রেখে আসেন। ওই কবিরাজের বাড়িতে জাল টাকা আছে, একটি মুঠোফোন থেকে এমন খবর জানানো হলে ডিবি গত বুধবার সেখানে অভিযান চালায়। এ সময় ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক করা হয় কবিরাজ শেকা ও তাঁর পরিবারের তিন সদস্যকে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর ডিবির ওসি মোস্তফা কামাল বলেন, মামলার তদন্ত করতে গিয়ে তাঁরা মুঠোফোনে কথোপকথনের সূত্র ধরে জানতে পারেন, কবিরাজ ও তাঁর পরিবারের সদস্যদের ফাঁসানো হয়েছে। এরপর রোববার রাতে মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকেসহ তিনজনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল। মোস্তফা কামাল বলেন, মুরাদ সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।

এসআই ইসমাইল গত রোববার বলেন, মুরাদের দেওয়া তথ্য মোতাবেক বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মুরাদের মা জোছনার কাছ থেকে ১ হাজার টাকার জাল নোট ও বোন শাহনাজের কাছ থেকে ১০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া যে মুঠোফোন থেকে জাল টাকার বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল, সেটিও ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আরেক অভিযুক্ত মোস্তফা ও চাঁদপুরের এক আইনজীবীর সহকারী বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের ধরতে অভিযান চলছে।