জাল টাকাসহ বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় এক লাখ টাকার সমমানের জাল নোটসহ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতদিয়া লঞ্চঘাট সড়ক থেকে গতকাল মঙ্গলবার তাঁকে আটক করা হয়।
আটক মো. শফিকুল ইসলাম (২৮) একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ফরিদপুরের চর আদমপুর গ্রামের বাসিন্দা।
গোয়ালন্দঘাট থানার এএসআই আসাদুজ্জামান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট সড়কের প্রবেশপথে শফিকুলকে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তাঁর কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করা হয়। সেখানে কাগজের প্যাকেটে রাখা ৭০টি এক হাজার টাকার নোট ও ৮০টি ৫০০ টাকার নোটসহ মোট ১ লাখ ১০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। পরে টাকাগুলো গোয়ালন্দ বাজার সোনালী ব্যাংক কার্যালয়ে গিয়ে পরীক্ষা করলে সেগুলো জাল প্রমাণিত হয়।
শফিকুল বলেন, ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় এক পরিচিত ব্যক্তি তাঁকে টাকাগুলো ঢাকার গাবতলী পৌঁছে দিতে বলেন। টাকাগুলো যে জাল তা তিনি জানতেন না।