জাল টিকিটে ফেরি পারাপার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে জাল টিকিট নিয়ে ফেরি পারাপারের সময় একটি ট্রাক জব্দ করা হয়। জাল টিকিট বিক্রির চক্রের সদস্য সন্দেহে গত শনিবার রাতে লিটন ব্যাপারী নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পরে ফেরি থেকে ট্রাকটি নামিয়ে আনা হয়। দালাল ইউসুফসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়ারুল ইসলাম বলেন, গত শনিবার রাত ১০টার দিকে ঘাট এলাকা থেকে দালাল চক্রের সদস্য লিটন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি স্থানীয় আইন উদ্দিন ব্যাপারীপাড়ায়। লিটনের বিরুদ্ধে এর আগে মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন দৌলতদিয়া ঘাটে তিন থেকে চার হাজার যানবাহন ফেরি পার হয়। নিয়ম অনুযায়ী, পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার আগে ওজন মাপার যন্ত্রে ওজন দিয়ে ঘাটের বিআইডব্লিউটিসি বুকিং কাউন্টার থেকে নির্ধারিত অর্থ পরিশোধ করে নদী পার হওয়ার টিকিট সংগ্রহ করবেন। এরপর চালকেরা নিজ নিজ যান নিয়ে ফেরিতে উঠবেন। কিন্তু স্থানীয় ওই চক্রটি ফেরি পারাপারের জন্য পুরোনো কিংবা জাল টিকিট দিয়ে গাড়িচালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাকের চালকের কাছে জাল টিকিট পায় ফেরিঘাট কর্তৃপক্ষ। পরে ট্রাকটি জব্দ করা হয়।

ট্রাকচালক ফয়সাল আহম্মেদ বলেন, তিনি শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া ঘাটের লম্বা লাইনে আটকা পড়েন। রাত আটটার দিকে ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থানের সময় ইউসুফ আলী নামের এক দালাল ২ হাজার ৪০০ টাকায় একটি টিকিট ধরিয়ে দেন। রাত ১২টার দিকে তিনি ফেরিতে ওঠেন। কিন্তু বিআইডব্লিউটিসির লোকজন টিকিটটি জাল বলে শনাক্ত করেন।