জাল ডাকটিকিট স্ট্যাম্পসহ বাবা ও ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দিনাজপুরের বিরল উপজেলা থেকে গত রোববার দিবাগত রাতে মো. শফিউদ্দিন (৪২) ও তাঁর ছেলে মো. শাহজাহানকে (২২) আটক করে। তাঁদের কাছ থেকে ১৩ লাখ টাকার জাল স্ট্যাম্প এবং ডাকটিকিট জব্দ করা হয় বলে দাবি করেছে র্যাব।
বাবা–ছেলে উপজেলার সাকই পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। রোববার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে র্যাব।
র্যাব-১৩ দিনাজপুর কার্যালয়ের অধিনায়ক মেজর মাহমুদ বলেন, শফিউদ্দিন ও তাঁর ছেলে শাহজাহান আলী ভেন্ডার ব্যবসায়ী। তাঁরা বহুদিন ধরেই জাল স্ট্যাম্প ও ডাকটিকিটের অবৈধ ব্যবসা করে আসছিলেন। এ কারণে মাস ছয়েক আগে তাঁদের লাইসেন্স বাতিল করা হয়। তারপরও গোপনে তাঁরা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প ও ডাকটিকিটসহ তাঁদের আটক করা হয়। রাতেই র্যাব বাদী হয়ে বিরল থানায় মামলা করেছে। বাবা-ছেলে দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে মেজর মাহমুদ জানান।