জাল দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দলিল তৈরি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার জেলার সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল মাগুরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা আবু আজাদ বাদী হয়ে পঞ্চগড় থানায় মজিরউদ্দিন, আরফান আলী ও ফজলুল হকের নামে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ফজলুল হক ও একই এলাকার আরফান আলী।

পুলিশ জানায়, গত রোববার বিকেলে ফজলুল হক ও আরফান আলী জাল দলিল করতে সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদির নেতৃত্বে পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।

পঞ্চগড় সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা ইউনিয়নের ৩৭৬ নম্বর খতিয়ানের ৬৬ নম্বর দাগে জমির পরিমাণ ছিল ২০ শতক। কিন্তু মাগুরা এলাকার মজিরউদ্দিনের সহযোগিতায় আরফান আলী ও ফজলুল হক ভুয়া খারিজ ও দাখিলা দেখিয়ে একই খতিয়ান ও দাগে জমির পরিমাণ ৩৩ শতক করে। গতকাল বিকেলে তারা সদর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই ভুয়া কাগজপত্র দিয়ে দলিল তৈরি করে জমি কেনাবেচার চেষ্টা করে। খবর পেয়ে নির্বাহী হাকিম ইলিয়াস মেহেদি পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় মজিরউদ্দিন সেখান থেকে পালিয়ে যায়।