জাল দলিল বানিয়ে প্রতারণা, গ্রেপ্তার
জাল দলিল বানিয়ে ৩০ লাখ টাকার জমি প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগে দায়ের করা মামলায় মো. বাবলু গাজী ওরফে খোকন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সদস্যরা তাঁকে শহরের নূরনগর এলাকা থেকে গ্রেপ্তার করেন। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার তাঁকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা-পুলিশের হেফাজতে রাখা হয়। গতকাল বুধবার আদালত জামিন নামঞ্জুর করায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা সদরের পলাশপোল এলাকায় ৩০ লাখ টাকা মূল্যের একটি জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগে, গত বছর একটি মামলা হয়। ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে আহসান কবির বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান, দলিল লেখক মুনসুর আলী ও সুলতানপুর এলাকার মৃত সোবাহান গাজীর ছেলে মো. বাবলু গাজী ওরফে খোকন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে আসামি বাবলু গাজীকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুদক সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান, দলিল লেখক মুনসুর আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। তবে তাঁরা জামিনে মুক্ত রয়েছেন।