জাল দলিলে মালিক সেজে মামলা, বাদীসহ দুজন কারাগারে
জাল দলিলের মাধ্যমে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাড়ে আট একর জমির মালিকানা দাবির ঘটনায় মামলার বাদীসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, জাল-জালিয়াতির মাধ্যমে মৃত মিন্টু চৌধুরী সেজে বাদী হয়ে মামলা করেন মিন্টু চৌধুরী। তাঁর পক্ষে মামলা পরিচালনার জন্য আমমোক্তার নিয়োগ দেন জহুরুল হক খন্দকারকে। গতকাল দুজনের বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করার আদেশ দেন আদালত। একই আদালত মামলাটি খারিজ করে দেন।
এ ঘটনায় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার অলিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। এরপর দুই আসামিকে কোতোয়ালি থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দুজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।
মামলার বাদী অলিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১২ সালে ঢাকার কামরাঙ্গীরচর থানার দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত আবদুল সাত্তার চৌধুরীর ছেলে হিসেবে মিন্টু চৌধুরী ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন। মামলাটি সম্প্রতি ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। মামলার বিবাদীপক্ষ মামলাটি খারিজ চেয়ে আবেদন করে। আদালত ১৬ আগস্ট মামলার বাদী মিন্টু চৌধুরীর জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় ইউনিয়ন পরিষদের নাগরিক সনদসহ সশরীরে হাজির থাকার নির্দেশ দেন। গতকাল মামলার বাদী মিন্টু চৌধুরী ও মামলার আমমোক্তার জহুরুল হক আদালতে হাজির হন। মামলার আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি মামলার নথি অনুসারে ২০১১ সালে মিন্টু চৌধুরী মারা যান। আপিল বিভাগের ওই মামলায় মিন্টু চৌধুরীর ছেলেমেয়ে হলফনামাসহ আইনজীবীর মাধ্যমে ওই বছরের ১০ ডিসেম্বর একটি দরখাস্ত দেন। বাদী মিন্টু চৌধুরী প্রকৃত ব্যক্তি নন মর্মে বিবাদীপক্ষ মামলাটি খারিজ চায়। এরপর আদালত মামলার বাদী মিন্টু চৌধুরীকে তাঁর জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
সাক্ষ্য গ্রহণকালে আদালতের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাল-জালিয়াতির কথা স্বীকার করেন মিন্টু চৌধুরী এবং বলেন, তিনি প্রকৃত মিন্টু চৌধুরী নন। আদালতে উপস্থিত জহুরুল হক খন্দকারও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে মামলা করেছেন বলে জানান।