জাল নোট তৈরির চক্রের হোতাসহ আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও ও মুগদাপাড়া থেকে গত বুধবার রাতে প্রায় ২৪ লাখ জাল টাকার নোটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাল নোট তৈরি চক্রের মূল হোতা আবুল খায়ের (৪৬), আজিজুল হক (২৯), সোহেল রানা (২৯), শাহ আলম (২৭), মো. সোহাগ (২৫), শহিদুল ইসলাম (২৯), ইয়াসিন আরাফাত (১৯) ও সোহাগ মাসুদ (২২)। এঁরা জাল নোট তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে জাল টাকা তৈরির উপকরণ ও যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ডিবির একটি দল খিলগাঁওয়ের তিলপাপাড়া কালভার্ট মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে জাল নোট বাজারজাত করার সঙ্গে জড়িত সোহাগ ও শাহ আলমকে আটক করে। সোহাগের কাছ থেকে এক হাজার টাকার জাল ৯৮টি নোট ও শাহ আলমের কাছ থেকে ৯৪টি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সহযোগীরা পালিয়ে যান। ওই দুজনের তথ্যের ভিত্তিতে পরে উত্তর বাসাবো ঝিলপাড়ের একটি বাসা থেকে জাল নোট তৈরির সময় এই চক্রের মূল হোতা আবুল খায়ের ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আবুল খায়েরের প্যান্টের পকেট থেকে এক হাজার টাকার ২০০টি জাল নোট, পাশের কক্ষ থেকে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ ছাড়া ডিবি পুলিশ ২৫ লাখ টাকার আধাছাপা নোট, জাল টাকা তৈরির বিপুল পরিমাণ কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট তৈরি চক্রের ৩০-৩৫ জনের নাম, অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, পশুর হাটে জাল টাকা শনাক্তে শনাক্তকারী যন্ত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো নোটকে জাল বলে সন্দেহ হলে হাতে একটু পানি নিয়ে ওই নোটে ঘষা দিলে রং উঠলে ধরে নিতে হবে নোটটি জাল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার (পশ্চিম-উত্তর) শেখ নাজমুল আলম, গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান ও অভিযান পরিচালনাকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম।