জাল নোটসহ আটক ২
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে এক হাজার টাকার ১৮টি জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন হলেন ফাতেমা জান্নাত (১৮)। অন্যজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ফাতেমা জান্নাত পতেঙ্গার স্টিলমিল এলাকার একটি দোকানে কেনাকাটা করে এক হাজার টাকার একটি নোট দেন। বিক্রেতার সন্দেহ হলে ফাতেমাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে খালপাড়ের মাজার গলির বাসায় তল্লাশি চালিয়ে আরও ১৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ সময় সেখান থেকে এক নারীকে আটক করা হয়।
এসআই নজরুল ইসলাম বলেন, ‘আটক ওই মহিলা জাল নোট রাখার ব্যাপারে জড়িত কি না, এখনো আমরা নিশ্চিত নই। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’