জাল নোটসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রী থেকে গত শনিবার রাতে জাল নোট তৈরির উপকরণ ও এক কোটি টাকা মূল্যমানের জাল নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন র্যা ব-৩-এর সদস্যরা। ঈদ সামনে রেখে বাজারে ছাড়ার জন্য চক্রটি জাল নোট তৈরি করছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন আবদুর রহিম শেখ (৩৫), তাঁর প্রথম স্ত্রী ফাতেমা বেগম (২৪), দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুন (১৯), মোহাম্মদ আসাদ (২২) ও তাজিম হোসেন (২৬)।
র্যা ব কর্মকর্তারা জানান, রহিম শেখ চক্রটির নেতা। তাঁদের কাছ থেকে ১১টি নোট ছাপানোর স্ক্রিন, দুটি প্রিন্টার, দুটি ল্যাপটপ কম্পিউটার, নিরাপত্তা সুতার চার রোল ফয়েলসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গতকাল র্যা ব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বক্তৃতা করেন।
এর আগে ১৪ জুন ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৮ জুন রাজধানী থেকেই আরও ৫০ লাখ টাকার জাল নোটসহ ছয়জনের একটি দলকে গ্রেপ্তার করে ডিবি।
র্যা বের কর্মকর্তারা জানান, ২০০৩ সালে পিরোজপুর থেকে ঢাকায় এসে তেজগাঁওয়ে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন রহিম শেখ। ২০০৮ সালে জাল নোট তৈরি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই চক্রের হোতা হুমায়ুনের কাছ থেকে নোট জালের আদ্যোপান্ত শেখেন রহিম। এরপর নিজেই ল্যাপটপ-প্রিন্টারসহ আনুষঙ্গিক উপকরণ কিনে বনশ্রী এলাকায় ফ্ল্যাট ভাড়া করে জাল নোটের কারবার শুরু করেন। তাঁর দুই স্ত্রী ও কিছু নিকটাত্মীয় তাঁকে নোট ছাপানো ও বিপণনে সাহায্য করতেন। ছাপানো জাল নোটের বান্ডেলগুলো পাঁচ-ছয়জনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।