বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, গত শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মনির খান, ইয়াকুব ফকির, রুবেল গাজী, শাহাবুদ্দিন ও নাজমুল ইসলাম। এ বিষয়ে গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (ডিসি) নাজমুল আলম সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩৫ লাখ টাকার জাল নোট, প্রায় অর্ধকোটি টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, চারটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, তিনটি প্রিন্টারসহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। নাজমুল আলম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত নয়টার দিকে রমনার বড় মগবাজারের আল্লার দান বিরিয়ানি হাউজের চারতলায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মনির দীর্ঘ ছয়-সাত বছর ধরে জাল নোটের ব্যবসা করে আসছিল।