জাল নোট ও তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
জাল নোট, জাল নোট তৈরির বিপুল সরঞ্জামসহ গত মঙ্গলবার রাজধানীতে মো. আলাউদ্দিন (৪৪) ও মো. মামুন (২২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মধ্য বাসাবোয় জাল নোট বিক্রির সময় মামুনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তাঁর তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদীর নতুন মহল্লায় বাসার সামনে থেকে জাল নোট তৈরির মূল হোতা আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাসা থেকে ২০ লাখ ৭০ হাজার ৫০০ টাকার ১০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ ছাড়া সেখান থেকে জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, কালার প্রিন্টার, প্রিন্টারের কালি, প্লাই বোর্ড, ফ্রেম, ইস্পাতের কভার, কেমিক্যালের প্লাস্টিক বোতল, নিরাপত্তা সুতা, রং, কাটার ব্লেড, ইস্পাতের স্কেল, আতশ কাচ, তামার স্কেল ও পুরোনো লোহা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।